বিশেষ প্রতিনিধি
শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির অভিযোগে জেলা ছাত্রলীগের এক নেতা ও আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধারের কথাও জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখ (২৪) এবং শ্রীপুরের চন্নাপাড়ার বাসিন্দা মো. রবিন আহম্মেদ (২২)।
পুলিশ বলছে, গত ৯ অক্টোবর সন্ধ্যায় শ্রীপুর থানার কর্ণবপুর এলাকায় নরসিংদী-মাওনা সড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ নভেম্বর মৌলভীবাজারের গিয়াসনগর থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এরপর শুক্রবার (২০ নভেম্বর) একই দল চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে রবিন আহম্মেদকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত পিস্তল ও খালি ম্যাগাজিনটি পাওয়া যায়।
গ্রেপ্তার দুজনকে ডাকাতি ও অস্ত্র আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে। আর রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা আছে।