যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

পৃথকভাবে আইআরজিসি হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করারও দাবি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা পদ্ধতি পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। এতে মার্কিন বিমানটি এর অভিযান বাতিল করে ওই অঞ্চলের একটি নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর শনিবার এক বিবৃতিতে দাবি করেছে, শুক্রবার রাতে দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে থাকা সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর পরিচালিতে দেশে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম পারস্য উপসাগরের উপরে সফলভাবে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে চিহ্নিত ও শনাক্ত করতে সক্ষম হয়।

অভিযান চলাকালে বিমান প্রতিরক্ষা পদ্ধতিটি মার্কিন এফ-১৬টিকে অনুসরণ করে ও এর দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি কাছাকাছি বিস্ফোরিত হওয়ার ফলে মার্কিন যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয় আর তাতে এর পাইলট তার অভিযান বাতিল করে ওই অঞ্চলের একটি নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন।

রযটার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে।

এক বিৃবতিতে সেন্টকম বলেছে, “ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে তারা গতকাল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে ক্ষতিগ্রস্ত করেছে আর সেটিকে জরুরি অবতরণে বাধ্য করেছে। এটি মিথ্যা। গতকাল ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে মোটেই হামলা চালায়নি।”

পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদ ও আওতার মধ্যে আছে বলে দাবি করেছে তারা।

রয়টার্স লিখেছে, যুদ্ধ চলাকালেও ইরান মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানোর ও ক্ষতিগ্রস্ত করার দাবি জানিয়েছিল, যেগুলো যুক্তরাষ্ট্র অস্বীকার করেছিল।

পৃথকভাবে আইআরজিসি দাবি করেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালির উপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোনের গতিরোধ করে সেটিতে আঘাত হেনেছে, এতে ড্রোনটি ধ্বংস হয়েছে।

এ নিয়ে তাদের ধ্বংস করা মার্কিন ড্রোনের সংখ্যা ৫৮টিতে দাঁড়িয়েছে বলে দাবি করেছে তারা।

পরে একইদিন আইআরজিসি হরমুজ প্রণালির কেশম দ্বীপের উপরে আরেকটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি করেছে বলে আল জাজিরা জানিয়েছে। আইআরজিসি বলেছেন, এ নিয়ে এ ধরনের ১৯টি মার্কিন ড্রোন ভূপাতিত করল তারা।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর মাধ্যমে যুদ্ধের সূত্রপাত হয় আর তা পুরো পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।