গাজীপুর কণ্ঠ ডেস্ক
দেশের ব্যাংক খাতে কেবল তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। এতে ব্যাংকগুলোর ঋণের গুণগত মানের আরও অবনতি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের স্থিতির ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি এখন খেলাপি।
এর আগে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা, যা ওই সময়ের মোট ঋণস্থিতির ৩২ দশমিক ৭৮ শতাংশ।
সেই হিসাবে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট।
খেলাপি ঋণের পরিমাণ ও হার একসঙ্গে বেড়ে যাওয়ায় ব্যাংক খাতের ঋণের গুণগত মানে দীর্ঘস্থায়ী দুর্বলতার চিত্র আরও স্পষ্ট হয়েছে।