গাজীপুর কণ্ঠ ডেস্ক
বেসরকারি স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হতে হলে এখন থেকে অন্তত স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক নতুন পরিপত্রে এই শর্ত দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পর্ষদ ও কমিটিগুলোতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য করতে হবে, যাদের একজন হবেন নারী।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা এই পরিপত্র সোমবার (২৩ নভেম্বর) জারি হলেও মঙ্গলবার (২৪ নভেম্বর) তা প্রকাশ করা হয়।
নির্দেশনাটি ঢাকাসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীন বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। এতে ২০২৪ সালের প্রবিধানমালা এবং ২০২৫ সালের ৩১ আগস্টের সংশোধনী অনুসরণ করতে বলা হয়েছে।
স্নাতকের শর্ত সাধারণ নিয়ম হিসেবে থাকলেও ব্যতিক্রমের সুযোগ রাখা হয়েছে। শিক্ষা বিস্তার ও উন্নয়নে কারও বিশেষ অবদান থাকলে সরকার বিশেষ ক্ষেত্রে এই শর্ত শিথিল করতে পারবে।
উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি ঠিক হবে শিক্ষা বোর্ডের মনোনয়নে।
এজন্য প্রতিষ্ঠানপ্রধান তিনজনের নাম ও জীবনবৃত্তান্ত বোর্ডে পাঠাবেন। প্রস্তাব পাঠানোর পথ দুটি:
– মহানগর এলাকায়: বিভাগীয় কমিশনারের মাধ্যমে
– অন্যত্র: উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে
এই তিনজনের মধ্য থেকে একজনকে বোর্ড সভাপতি মনোনীত করবে।
প্রস্তাবিত ব্যক্তিরা হতে পারবেন জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক অথবা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবেন ভোটে। সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেলেই তিনি সভাপতি হবেন। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে বা পরিপত্রে বলা যোগ্যতাসম্পন্ন অন্য কাউকে সভাপতি করা যাবে। তবে যিনিই হোন, তাঁকে স্নাতক বা সমমানের শর্ত পূরণ করতে হবে।
পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে রাখতে হবে। এর মধ্যে একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক তাঁদের মনোনয়ন দেবেন।