মশার উপদ্রবের প্রতিবাদে মশারি টাঙিয়ে মিছিল

সমাবেশ থেকে মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে এক মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দৃশ্যমান উদ্যোগ না দেখা গেলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন আয়োজকেরা।

মশার উপদ্রবের প্রতিবাদে মশারি টাঙিয়ে মিছিল

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সিলেট নগরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে না আসায় সিটি করপোরেশনের কাছে জবাবদিহি চেয়ে মশারি টাঙিয়ে মিছিল করেছেন স্থানীয় তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সংগঠনগুলো হলো সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। সড়কে মশারি টাঙানো অবস্থায় অংশগ্রহণকারীরা হেঁটে নগর ভবনের সামনে যান এবং সেখানে সমাবেশ করেন।

সংগঠনগুলোর বক্তারা বলেন, সিটি করপোরেশন মশা মারতে ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহার করছে, তবু নগরবাসী স্বস্তি পাচ্ছেন না।

তাদের দাবি, ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যেই মশা আবার ফিরে আসে। ফলে দিনে-রাতে কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। বক্তাদের অভিযোগ, নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণেই এই অবস্থা।

সমাবেশ থেকে মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে এক মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দৃশ্যমান উদ্যোগ না দেখা গেলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন আয়োজকেরা।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। সঞ্চালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া তিন সংগঠনের আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন।