বিশেষ প্রতিনিধি
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় বিজিবি, পুলিশ ও আনসারের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন। ন্যূনতম মজুরি ঘোষণার পরও বুধবার সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এরপর কয়েক দফা সংঘর্ষ হয়।
পরিস্থিতির কারণে বুধবারের (২৫ নভেম্বর) জন্য ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। এ পর্যন্ত আরও ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত ন্যূনতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। কিন্তু তারপরও সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, মালেকেরবাড়ি, সালনা, নাওজোড়, তিনসড়ক ও সদর উপজেলার হোতাপাড়ায় বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। তারা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।
পরে তারা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তি হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শ্রমিকদের সড়ক ছেড়ে যেতে বললে তারা নিরাপত্তা বাহিনীর দিকে ইটপাটকেল ছোড়েন। বাহিনীর সদস্যরা কিছু জায়গায় ধাওয়া দেন, কিছু জায়গায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।
সকাল সাড়ে ১০টার দিকে সালনায় আশপাশের কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হন। লাঠিসোটা হাতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠ, বাঁশ ও পাথর ফেলে অবরোধ গড়ে তোলেন। তাদের সরাতে গেলে আবারও ইটপাটকেল ছোড়া শুরু হয় এবং দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। শ্রমিকরা নিরাপত্তা বাহিনীর দুই পাশে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান।
এ সময় তিনজন বিজিবি সদস্য, পাঁচজন পুলিশ সদস্য ও কয়েকজন আনসার সদস্য আহত হন। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর দুপুর ১২টার দিকে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।
প্রায় একই সময়ে মালেকেরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিপুল সংখ্যক শ্রমিক অবস্থান নেন। সেখানে ইটের আঘাতে একজন পুলিশ সদস্যের মাথা ফেটে যায়। পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সেখানেও যান চলাচল শুরু হয়।
আহত নিরাপত্তা সদস্যদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের হামলা ও ইটের আঘাতে তিনজন বিজিবি সদস্যসহ নিরাপত্তা বাহিনীর ১০ জন আহত হয়েছেন। তার ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা কাজ করছেন।