ছাত্রদল নেতা হত্যা: গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এসপি আবুল কালাম গ্রেপ্তার

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।

ছাত্রদল নেতা হত্যা: গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এসপি আবুল কালাম গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিবিপ্রধান শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ট্রাইব্যুনালের রিকুইজিশন অনুযায়ী আবুল কালাম আজাদকে তুলে আনা হয়েছে। তাকে ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, “জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলাতেই তাকে তুলে আনা হয়েছে।”

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। গ্রেপ্তারের সময় তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালে জনিকে পুলিশ তুলে নিয়ে যায়। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে’ জনিকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যায়।

সূত্র: বিডিনিউজ