শ্রীপুরে জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

শ্রীপুরে জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

শ্রীপুর উপজেলার একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদুল ইসলাম জাহিদ নামে ২০ বছর বয়সী এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাভারচালা মাটিগাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জাহিদের পরিবারের ধারণা, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। পুলিশও একই ধারণার কথা জানিয়েছে।

নিহত জাহিদের বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার দস্যনারায়ণপুর এলাকায়। তার বাবার নাম মো. হাবিবুর রহমান হবি।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বুধবার রাত নয়টার দিকে বাড়ির কাছে একজন যাত্রীকে নামিয়ে দিয়ে অটোরিকশা নিয়ে আবার বের হন জাহিদ।

এর প্রায় এক ঘণ্টা পর তার মোবাইল ফোন থেকে বাবার ফোনে একটি মিসড কল আসে। বাবা পাল্টা ফোন করলে জাহিদ সাড়া দেননি।

পরিবারের সদস্যরা গভীর রাত পর্যন্ত আশপাশের এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা খবর পান, একটি জঙ্গলে এক তরুণের মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে তারা জাহিদের মরদেহ শনাক্ত করেন। তখন তার হাত-পা বাঁধা ছিল বলে জানান স্বজনরা।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তার ভাষ্য, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা জাহিদকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।