বিশেষ প্রতিনিধি
গাজীপুরের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের প্রভাব থেকে মুক্ত রেখে নিরপেক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক করার দাবি জানিয়েছে ‘সম্মিলিত মানুষের মঞ্চ’। সরকারি দপ্তরগুলোকে আওয়ামী লীগমুক্ত করা এবং ওই দলের লোকজনকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও তুলেছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জুলাই মঞ্চ গাজীপুর জেলার সাবেক মুখপাত্র আল মুঈদ।
সংবাদ সম্মেলন ও স্মারকলিপির মাধ্যমে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: প্রশাসনের সর্বস্তরে নিরপেক্ষ তদন্ত করা এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা; রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও স্বাধীনতা নিশ্চিত করা এবং পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৩৬শে জুলাই পাঠাগারের পরিচালক ও অ্যাকটিভিস্ট রেদওয়ান জামান প্রতীক, সমাজসেবক হোসেন মাহমুদ এবং বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী সাইফুল প্রমুখ।
সংবাদ সম্মেলনের পর নেতারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দেন।