গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে একটি কারখানার চত্বরে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ৬০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে গেছেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার মাওনা এলাকার নাইস স্পান কারখানায় ঘটনাটি ঘটে।
নিহতের নাম আলতাফ হোসেন। তিনি দিনাজপুরের চিরিরবন্দর থানার কিসমত সতেজপুর এলাকার বাফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের বর্ণনা অনুযায়ী, ওই সময় কারখানা থেকে মালামাল বোঝাই করে একটি কাভার্ড ভ্যান বাইরে বেরোচ্ছিল। সেই সময় গাড়ির চাকার নিচে পড়ে যান আলতাফ হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর কাশেম বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলতাফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে এবং কাভার্ড ভ্যানটি আটক করেছে।
তিনি জানান, পুলিশ পৌঁছানোর আগেই চালক সরে পড়েন। তাকে ধরতে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে প্রক্রিয়া চলছে।