আমদানি নির্ভরতায় এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা

এই নির্ভরতা বাংলাদেশকে দীর্ঘমেয়াদি ঋণের ফাঁদে ফেলতে পারে, উপকূলের মানুষকে উচ্ছেদের মুখে ঠেলে দিতে পারে এবং বড় আকারে কার্বন নির্গমনের ঝুঁকি তৈরি করতে পারে।

আমদানি নির্ভরতায় এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা

বিবিসি

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর নির্ভরতা বাড়তে থাকলে বাংলাদেশকে ভারী অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে বলে সতর্ক করেছে তিনটি সংগঠনের যৌথ এক গবেষণা। 

কক্সবাজারে শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে মহেশখালী-মাতারবাড়ী এলাকায় জাপানি সহায়তায় এগিয়ে চলা জ্বালানি পরিকল্পনাকে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনটি তৈরি করেছে মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। এর শিরোনাম ‘এলএনজি নিয়ে শেষ মরিয়া চেষ্টা: বাংলাদেশের জন্য মিডি মাস্টারপ্ল্যান’।

তবে সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞদের অনেকে সংবাদ মাধ্যমকে বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া অনিবার্য হলেও বাংলাদেশের বাস্তবতায় তা করতে হবে ধাপে ধাপে।

গবেষকদের দাবি, এলএনজির ওপর অতিনির্ভরতা বাংলাদেশে জ্বালানি ও অর্থনীতি, দুই ক্ষেত্রেই সংকট তৈরি করছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহে, বাড়ছে মূল্যস্ফীতির চাপ, আর ধাক্কা লাগছে রপ্তানিমুখী বস্ত্র ও পোশাক খাতে।

প্রতিবেদনের ভাষ্য, এই নির্ভরতা বাংলাদেশকে দীর্ঘমেয়াদি ঋণের ফাঁদে ফেলতে পারে, উপকূলের মানুষকে উচ্ছেদের মুখে ঠেলে দিতে পারে এবং বড় আকারে কার্বন নির্গমনের ঝুঁকি তৈরি করতে পারে।

সংগঠনগুলো লিখেছে, বাংলাদেশকে ব্যয়বহুল ও অনিশ্চিত এলএনজি আমদানির ওপর বেঁধে রাখাই জ্বালানি কোম্পানিগুলোর ‘শেষ মরিয়া চেষ্টা’। তাদের মতে, বিদ্যুতের বাড়তি দাম ও লোডশেডিংয়ে শিল্প খাত এবং সাধারণ গ্রাহক ইতিমধ্যে চাপে আছেন। আমদানি করা গ্যাসের ওপর ভর আরও বাড়লে পরিস্থিতি খারাপ হতে পারে।

রিপোর্টটি কক্সবাজারে এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে।

মিডি অর্থাৎ মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের আওতায় জীবাশ্ম জ্বালানি খাতে মোট ব্যয়ের হিসাব ২০ বিলিয়ন ডলার। মার্কেট ফোর্সেসের হিসাবে এর প্রায় ১৯ বিলিয়ন যাবে প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে। স্থলভাগে এলএনজি টার্মিনাল তৈরিতে লাগবে আরও প্রায় ১ বিলিয়ন ডলার।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এই মাস্টারপ্ল্যান তৈরি করেছে। তাতে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা যোগের প্রস্তাব আছে। এক গিগাওয়াট সমান এক হাজার মেগাওয়াট। এর আগে জাপানের সহায়তায় ৬ বিলিয়ন ডলারের কয়লাভিত্তিক প্রকল্প মাতারবাড়ী-১ বাস্তবায়িত হয়েছে।

এলএনজি আমদানিতে বার্ষিক খরচ কত হতে পারে, সে বিষয়ে প্রতিবেদনে দুটি পরিস্থিতির কথা বলা হয়েছে:

– এলএনজিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

– ২০৩০-এর দশকের পরও ২০২৭ সালের পূর্বাভাসের গড় দাম বহাল থাকলে বার্ষিক খরচ ছুঁতে পারে প্রায় ২৬ বিলিয়ন ডলার। দাম কমলে তা ৭ বিলিয়নে নামতে পারে।

মার্কেট ফোর্সেসের পূর্বাভাস, মিডির এলএনজি ও কয়লা কেন্দ্রগুলো তাদের পুরো কার্যকালে ১ বিলিয়ন টনের বেশি গ্রিনহাউস গ্যাস ছাড়বে। বর্তমানে জীবাশ্ম জ্বালানি থেকে বাংলাদেশে যে নির্গমন হয়, এটি তার ১০ গুণেরও বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন্দ্রগুলো নির্মাণের সময়ই ২০ হাজারের বেশি লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদক জীবিকা হারিয়েছেন।

মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ব্যয়বহুল নতুন জীবাশ্ম জ্বালানির ওপর ভর করা বাংলাদেশের জন্য দুই দিক থেকে ক্ষতিকর। তাঁর ভাষ্য, দূষণে হাজারো মানুষ মারা যাচ্ছেন, আবার আমদানিকৃত গ্যাসের চড়া দামে কলকারখানা বিপাকে পড়ছে, কর্মসংস্থান কমছে এবং উৎপাদন বন্ধ থাকায় কয়েক শ মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে।

তিনি বলেন, ২০২৭ সালের খরচের হিসাবে এলএনজি আমদানিতে বছরে অন্তত ২৫ বিলিয়ন ডলার যেতে পারে এবং এই বিদ্যুৎকেন্দ্রগুলো দেশের জন্য ‘বড় বোঝা’ হয়ে দাঁড়াবে। জাপানের উদ্দেশে তাঁর প্রশ্ন, বিনিয়োগই যদি করতে হয়, তবে নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক ট্রান্সমিশন ব্যবস্থায় কেন নয়।

মুনিরা চৌধুরী মনে করেন, মাতারবাড়ীর এই পরিকল্পনা স্থানীয় অর্থনীতি ধ্বংস করবে এবং সামাজিক সংকট ও জলবায়ুজনিত বিপর্যয় ডেকে আনবে। তাঁর বক্তব্য, বাংলাদেশের মানুষের প্রয়োজন সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও পরিচ্ছন্ন বাতাস। এলএনজি বা কয়লার মতো সনাতন অবকাঠামোয় অর্থায়নের বদলে আন্তর্জাতিক অর্থদাতাদের উচিত ২০৩০ সালের নবায়নযোগ্য লক্ষ্য পূরণে বাংলাদেশকে সহায়তা করা।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ২৭ অক্টোবর বুয়েটে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে জানান, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার।

মন্ত্রী স্বীকার করেন, জীবাশ্ম জ্বালানির ওপর বেশি নির্ভরতার কারণে বিশ্ববাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়েছে। এই লক্ষ্য পূরণে একটি ‘স্পেশাল রিনিউয়েবল এনার্জি ল’ তৈরির কাজ চলছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে নেওয়া সিদ্ধান্ত ও কার্যক্রম এতে সহজ হবে।

বিনিয়োগকারীদের টানতে সরকার কিছু প্রণোদনাও ঘোষণা করেছে। এর মধ্যে আছে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর এবং সৌর সরঞ্জাম আমদানিতে শুল্কছাড়। মার্কেট ফোর্সেস বলছে, বাংলাদেশে সর্বোচ্চ ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ ও ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে।

অর্থনীতি ও জ্বালানি বিশ্লেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার বিকল্প নেই এবং বিশ্বজুড়েও এ নিয়ে একমত্য আছে। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই যাত্রা হতে হবে পর্যায়ক্রমিক। কোন সময়ের মধ্যে কোন ধরনের নবায়নযোগ্য জ্বালানি অগ্রাধিকার পাবে, তার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার বলেও তাঁদের অভিমত।

বুয়েটের সাবেক অধ্যাপক ও টেকসই জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, সরকারের ২০৩০ লক্ষ্যমাত্রা কিছুটা ‘অতিবিলাসী’ হলেও অর্জন অসম্ভব নয়। তবে ১০ হাজার মেগাওয়াটের জন্য গ্রিড প্রস্তুত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাঁর হিসাবে, এই লক্ষ্য পূরণ হলে মোট বিদ্যুতের ২০ শতাংশ আসবে নবায়নযোগ্য উৎস থেকে। এরপর ধীরে ধীরে এগোতে হবে, আর এখনই এলএনজি ও কয়লা ছেড়ে আসা সম্ভব নয় বলে তিনি মনে করেন।

সিপিডির নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ নাজনীন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, সরকার কিছু চেষ্টা করছে, কিন্তু ধাপে ধাপে এগোনোর জন্য সুনির্দিষ্ট সময়সীমাসহ একটি রোডম্যাপ জরুরি। তিনি বলেন, একটি বন্ধ করে আরেকটি চালু করার সুযোগ নেই। পুরোপুরি নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশ এখনো নেই।

সূত্র: বিবিসি