বিশেষ প্রতিনিধি : টঙ্গীতে কুরবানির গরুর চামড়া ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঈদের দিন (সোমবার) বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গী কলেজ রোডের আসগর আলী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টঙ্গী সুর তরঙ্গ রোডের বায়তুল আকরাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এর সহকারী শিক্ষক মোজাম্মেল হক তাদের মাদ্রাসার জন্য শুভাকাঙ্খীদের দেয়া চামড়া এনে আসগর আলী জামে মসজিদের সামনে জড়ো করছিলেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ রোডের আতাউল্লাহ মাদ্রাসার শিক্ষক মূসা কালিমুল্লাহ দলবল নিয়ে চামড়াগুলো জোরপূর্বক ছিনিয়ে নেন।
বায়তুল আকরাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এর কর্তৃপক্ষ জানান, এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে চামড়া সংগ্রহের অভিযোগে তাদের মাদ্রাসার জন্য সংগৃহীত ১৫টি চামড়া মূসা কালিমুল্লাহর নেতৃত্বে ছিনিয়ে নেয়া হয়েছে। এসময় তাদের মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হকের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে।
এদিকে এ ব্যাপারে মূসা কালিমুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।