গাজীপুর কণ্ঠ ডেস্ক : ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার পথে কেটিএল পরিবহনের দুই বাসের চাপায় পড়ে অঞ্জু রানী দাস (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার দুপুরে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত অঞ্জু রানী দাস কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র দাসের স্ত্রী।
কালীগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, অঞ্জু রানী স্থানীয় কৃষি ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিয়ে বাসায় ফিরছিলেন। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কেটিএল পরিবহনের একটি বাসের পাশ দিয়ে যাওয়ার সময় একই পরিবহনের অপর আরেকটি বাস তাকে চাপা দেয়।
স্থানীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই অঞ্জু রানী দাসের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাস দু’টি জব্দ করা হয়েছে। দুই বাসের চালক ও সহকারীরা পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।