গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. আশিক সাঈদ।
রবিবার (৮ নভেম্বর) সদর দপ্তরে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে ফুল দিয়ে তাকে বরণ করেন জিএমপির কর্মকর্তারা।
যোগদানের পর জিএমপির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানেন নতুন কমিশনার। এ সময় তিনি মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসেবামূলক কাজ আগের মতো চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপুলিশ কমিশনাররা ও জিএমপির ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আশিক সাঈদকে জিএমপির কমিশনার করা হয়। তখন তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি ছিলেন। পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশিক সাঈদ ২০তম বিসিএসের (পুলিশ) কর্মকর্তা। ওই পরীক্ষায় প্রথম হয়ে ২০০১ সালের ৩১ মে তিনি পুলিশে যোগ দেন। জিএমপিতে আসার আগে ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার।
কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে সার্কেল এএসপি ও র্যাবে কাজ করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ছিলেন র্যাব, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ও বিভিন্ন জেলায় এবং পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখায়।
পুলিশ সুপার পদোন্নতির পর তিনি ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার, কক্সবাজারের ১৪ এপিবিএনের অধিনায়ক এবং জামালপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে কাজ করেছেন নৌ পুলিশ (ঢাকা), ঢাকা রেঞ্জ ও পুলিশ সদর দপ্তরের ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট শাখায়। ডিআইজি পদোন্নতির পর একই শাখায় কিছুদিন থেকে বিএমপির কমিশনার হন। সর্বশেষ ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।
আশিক সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে এমএসসি করেছেন।