কাসেমিরোর জোড়ায় বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : দ্বিতীয়ার্ধে কাসেমিরোর দুর্দান্ত পারফরম্যান্সে সেভিয়াকে হারানোর পাশাপাশি বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়ার মাদ্রিদ।

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় জিনেদিন জিদানের দল। বারো মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো।

এই জয়ে কুড়ি ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪০। কুড়ি ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

নিজেদের মাঠে প্রথমার্ধের খেলায় তেমন নজরকাড়া ছিল না রিয়ালের খেলা। গোলশূন্যতা নিয়ে বিরতিতে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য খুব অপেক্ষা করতে হয়নি তাদের।

৫৭তম মিনিটে লুকা জোভিচের পাস থেকে সেন্টার-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন কাসেমিরো। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। ৬৪তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় সেভিয়া। ৬৪তম মিনিটে মুনির এল হাদ্দাদির পাসে গোলটি করেন সুইজারল্যান্ডের স্ট্রাইকার লুক ডি জং।

অল্প সময়ের মধ্যেই দলকে জয়সূচক গোল এনে দেন কাসেমিরো। লুকাস ভাসকেসের ক্রস থেকে ডি-বক্সের মাঝ থেকে হেডে জাল খুজে নেন রিয়ালের মাঝ মাঠের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

দিনের অপর ম্যাচে এইবারের মাঠে খেলতে গিয়ে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ।