গাজীপুর কণ্ঠ ডেস্ক
চলতি বছরের নভেম্বর মাসে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “এ মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে।”
এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন শান্তিতে এ নোবেলজয়ী।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে ফেইসবুকে তিনি লিখেন, “সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে আমার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই আমার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। আমার দুই ছোট ভাই তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।
“আরও উদ্বেগজনক ও মর্মান্তিক বিষয় হল, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা। গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের, মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যাংক। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল।”
তিনি বলেন, “বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের মালিক। তাই ব্যাংকটির ওপর হামলা মানে তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
“হামলার ধরন দেখে মনে হয়, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে কেউ নির্দেশ দিয়েছে। বিশ্ববাসী হতবাক হয়ে দেখছে, কীভাবে কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাদেরই দরিদ্র প্রতিবেশীদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে। এই প্রতিবেশীরা হলেন সেই নারীরা, যারা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান।”
সারা দেশে নিজেদের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হওয়ার তথ্য দিয়ে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে গত ২০ নভেম্বর চিঠি দেয় গ্রামীণ ব্যাংক। স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া চিঠিতে হামলা ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সোমবার ইউনূস বলেন, “এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। একই হামলার ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব প্রদানকারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।
“হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক আমি এবং ব্যাংকটি আমিই পরিচালনা করি। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার।
“২০১১ সালে আওয়ামী লীগ সরকার আমাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক আমি নই, কখনো ছিলামও না,” যোগ করেন তিনি।