হাত-পা বেঁধে চালককে হত্যা: অটোরিকশা ছিনতাই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের মেঘডুবি এলাকায় হাত-পা বেঁধে চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে অটোরিকশা চালক মো. রাসেল চৌকিদারের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাসেল চৌকিদার মহানগরের হায়দারাবাদ এলাকার মৃত রতন চৌকিদারের ছেলে।

জিএমপি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজুর রহমান এবং নিহতের স্বজনরা জানান, ভোর ৫টার দিকে রাসেল অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়। সাড়ে ৫টার দিকে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মেঘডুবির রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

এসআই আরো জানান, নিহতের দাঁত ভাঙা ও বাম চোখের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।