কালীগঞ্জে জঙ্গল থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নাগরী ইউনিয়নের রাথুরা এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিচয় পাওয়া যায় নি।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাছেদ মিয়া বলেন, মঙ্গলবার দুপুরে রাথুরা এলাকায় ঢাকা বাইপাস সড়কের পাশে একটি জঙ্গলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খোঁজ করে ওই লাশ দেখতে পেয়ে পলিশকে খবর দেয়। পরে জঙ্গল থেকে অজ্ঞাত ওই মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর। লাশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায় নি।

ধারণা করা হচ্ছে ১৫-২০ দিন আগে ওই মহিলার লাশটি জঙ্গলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।