গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে সরকারী নির্দেশ অমান্য করে লোক সমাগম ঘটিয়ে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা এবং দু’টি বিয়ের অনুষ্ঠানের আয়োজন পন্ড করেছে উপজেলা প্রসাশন।
শনিবার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে ও তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়ীচালা গ্রামে এই অনুষ্ঠান হচ্ছিল।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামছুল আরেফীন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামছুল আরেফীন বলেন, মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে তাহের আলী মোড়লের বাড়ীতে ও তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়ীচালা গ্রামে দেলোয়ার হোসেনের বাড়ীতে সরকারী নির্দেশ অমান্য করে প্রত্যেকের ছেলের বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজন ও ব্যাপক জনসমাগম করে তাদের আপ্যায়নের ব্যবস্থা করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তাহের আলী মোড়ল আত্মীয়-স্বজনসহ পালিয়ে যাওয়ায় তাদের দন্ডের আওতায় আনা সম্ভব হয়নি। তবে আয়োজন ও লোকসমাগম পন্ড করা হয়।
অপরদিকে, দেলোয়ার হোসেনকে হাতেনাতে আটক করে ‘দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায়’ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অনুষ্ঠান পন্ড করা হয়েছে।
উল্লেখ্য : শুক্রবার দুপুরে শ্রীপুরে উপজেলার বরমা দক্ষিণপাড়া গ্রামে সরকারি আদেশ অমান্য করে লোক সমাগম ঘটিয়ে সুন্নতে খৎনার অনুষ্ঠান করায় মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়াও শ্রীপুর পৌর এলাকায় মাওনা চৌরাস্তায় কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে নয়ন মিয়াকে ৩ হাজার, আলম হোসেনকে ৩ হাজার, রাসেল আহমেদকে ৫ হাজার, খোকন মিয়াকে ৫ হাজার ও বাছিরকে ২ হাজার টাকা জরিমানা করেছিল মোবাইল কোর্ট।
এ সংক্রান্ত আরো জানতে….
শ্রীপুরে সুন্নতে খৎনার অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা