মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নিল গ্রেপ্তারদের

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান।

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নিল গ্রেপ্তারদের

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানায় ঘেরাও চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও থানা ভবনে আগুন ধরিয়ে দেয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান।

এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে পরে কথা বলবেন বলে কেটে দেন।

পরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম সংবাদ মাধ্যমকেে বলেন, “থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি।

“তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।”

টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান।

তিনি বলেন, “আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।”

সূত্র:  বিডিনিউজ