গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘন্টায় কালীগঞ্জে স্বামী-স্ত্রীসহ আরো তিনজন করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনই অন্য জেলা থেকে সম্প্রতি কালীগঞ্জে প্রবেশ করে অবস্থান করছিল।
নমুনা পরীক্ষার পর সোমবার বিকেলে ওই তিনজন করোনাভাইরাস পজেটিভ বলে জানা যায়।
এ নিয়ে কালীগঞ্জে ৮ জন করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। একজন ব্যতীত সকলেই বিভিন্ন জেলা থেকে এসে কালীগঞ্জে অবস্থান করছিল।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার শনাক্ত রোগীদের মধ্যে নারায়ণগঞ্জ ফেরত হিন্দু ধর্মাবলম্বী স্বামী-স্ত্রী দুজন পৌরসভার বালীগাঁও পূর্বপাড়া গ্রামে এবং ঢাকা ফেরত এক যুবক বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামে করোনা উপসর্গ নিয়ে অবস্থান করছিল। তাদের মধ্যে করোনা উপসর্গ থাকায় সন্দেহ হলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর সোমবার বিকেলে তাদের নমুনায় করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। বালীগাঁও পূর্বপাড়া গ্রামের ওই নারী সাত মাসের গর্ভবতী।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক বলেন, আক্রান্তদের করোনা উপসর্গ থাকায় তিন জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে তাদের নমুনায় করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত তিন জনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশন জন্য পাঠানো হচ্ছে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হবে এবং আক্রান্ত তিনজনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়ে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য : রোববার কালীগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে একজন মেয়ে বাচ্চা, একজন বৃদ্ধ এবং তিনজন মহিলা রয়েছে। তাদের মধ্যে দু’জন নারায়ণগঞ্জ থেকে এসে কালীগঞ্জ দু’জন পৌরসভা মুনশুরপুর গ্রামে ও ঢাকা থেকে এসে একজন উত্তর ভাদার্ত্তী এলাকায় এবং নরসিংদী ফেরত একজন বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামে করোনা উপসর্গ নিয়ে অবস্থান করছিল। এছাড়াও তুমলিয়া ইউনিয়নের সোম এলাকার স্থানীয় একজন।
এ সংক্রান্ত আরো জানতে……