গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে দুই মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা

নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে দুই মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে এই অবরোধের কারণে দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল ১০টা পর্যন্ত পাওয়া খবরে অবরোধ চলছিল। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন। সোমবারও কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় তারা সারাদিন বিক্ষোভ করেন।

ছবি: প্রথম আলো

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

প্রায় একই সময়ে চান্দনা চৌরাস্তায় আরেক দল শ্রমিক মিছিল নিয়ে সড়কে নামলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান নেন।

ছবি: প্রথম আলো

অবরোধের কারণে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার নতুন করে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ছবি: প্রথম আলো

শ্রমিকরা বলছেন, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। তাদের অভিযোগ, এই দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা আবার রাস্তায় নেমেছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন সংবাদ মাধ্যমকে জানান, সকালে কয়েকটি এলাকায় অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখন ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন এবং সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।