সামাজিক দূরত্ব না মেনেই রাণীগঞ্জের হাটে শত শত মানুষের সমাগম!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা সংক্রমনরোধে লকডাউন ও সমাজিক দূরত্ব উপেক্ষা করে কাপাসিয়ার রানীগঞ্জের হাটে গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার শত শত মানুষ কেনা-কাটার জন্য ভিড় করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে শত শত মানুষের এ সমাগম।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে কিছু সবজি ও নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য কিনতে রানীগঞ্জ হাটে গিয়ে দেখতে পাওয়া যায় সেখানে শত শত লোক পাশাপাশি গাঁদাগাঁদি হয়ে দাঁড়িয়ে পণ্য-সামগ্রী কেনা-বেঁচা করছেন। তাদের মধ্যে ন্যূনতম সামাজিক দূরত্ব নেই। সরকারি নির্দেশ তারা মানছেন না। গত সপ্তাহে এভাবে বাজার বাসানোর অভিযোগে ইজারাদার আব্দুল মান্নান ও বাজার কমিটির সভাপতি ফজল মাস্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

ইজারাদার আব্দুল মান্নান বলেন, রানীগঞ্জ হাটটি পাশের একটি স্কুল মাঠে স্থানান্তর করেও লোকজনকে সামাল দিতে পারছি না। এ কারণে গত বৃহস্পতিবার মোবাইল কোর্টে বাজার কমিটির সভাপতি ও আমাকে ১০হাজার টাকা করে ২০হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। দূরে দূরে দোকান বসিয়ে এবং দফাদার/গ্রাম পুলিশ দিয়েও সামাজিক দূরত্ব ঠিক রাখা সম্ভব হচ্ছে না। আসলে এলাকার মানুষ সচেতন নয়। তাই পুলিশ দরকার।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দুপুরে হাটে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা বলেন, শনিবার থেকে কাপাসিয়া উপজেলায় খোলা স্থানে হাট-বাজার বন্ধ করতে গণবিজ্ঞপ্তি দেয়া হবে। তবে ভ্যানে করে প্রয়োজনীয় পণ্য বিক্রি বা সরবরাহ করতে নিষেধ নেই।