গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের আবদার গ্রামে ইন্দোনেশিয়ার নাগরিক এক নারী ও তার তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনার মূল হোতা পারভেজকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান।
গ্রেপ্তার পারভেজ শ্রীপুরের আবদার এলাকায় কাজিম উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডে সে ছাড়াও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন।
পিবিআইয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে। পারভেজের ঘর থেকে তার দেখানো মতে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শ্রীপুরের আবদার এলাকার একটি বাড়ি থেকে ইন্দোনেশিয়ার নাগরিক এক নারী ও তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ার নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬) , ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।
এ সংক্রান্ত আরো জানতে…..