গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে রাজধানী ঢাকার মতো গাজীপুরেও মানুষের প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ আরোপ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
তবে জরুরী সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।
সোমবার (১৮ মে) সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে চারটি চেকপোস্ট বসানো হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি’র ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: খালিদ বোরহান।

তিনি বলেন, বিনা প্রয়োজনে-অকারণে মানুষকে এখন চলাচল করতে দেওয়া হচ্ছে না। অন্য জায়গা থেকে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় আসা-যাওয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষ যেন বিনা প্রয়োজনে বাইরে না বের হয় এগুলো নিশ্চিত করা হচ্ছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: খালিদ বোরহান আরও বলেন, ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেইট এলাকায় (আনারকলি ক্রসি), টঙ্গী-ঘোড়াশাল ও ঢাকা বাইপাস সড়কের মীরের বাজার চৌরাস্তা মোড়ে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি কলেজ গেইট (ফ্লাইওভার সংলগ্ন) এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। যাতে কোন ব্যক্তি একান্ত জরুরী প্রয়োজন ব্যতীত গাজীপুরে প্রবেশ বা গাজীপুরে থেকে বাহিরে যেতে না পারেন।

এমতাবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি যানবাহন চালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন বলেও জানান তিনি।