ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে লাগা এই আগুন আধা ঘণ্টার মধ্যেই নেভানো হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যায়, বেসরকারি হাসপাতালটির নিচের প্রাঙ্গণে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম রাত সাড়ে ১০টায় বলেন, “ইউনাইটেড হাসপাতালে রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লেগেছিল। আমাদের ৩টি ইউনিট তা নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত আরেক কর্মকর্তা কামাল হোসেন বলেন, হাসপাতালের নিচ তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, “হাসপাতালের বাইরের দিকে করোনা রোগীদের জন্য যে তাঁবু টানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আগুন লাগে।”

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।”