দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে মারা গেছে ৪০ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন এবং সুস্থ হয়েছে ৪০৬ জন।

এতে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন।

রোববার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ২২৯টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৮৭৬টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫৪৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪০ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬৫০ জন। সুস্থ হয়েছে ৪০৬ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৭৬৪ জন, মারা গেছে ২৮ জন। তার আগের দিন শুক্রবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৫২৩ জন, মৃত্যু হয় ২৩ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।