কোভিট-১৯ শনাক্তে গাজীপুরে ’পিসিআর’ ল্যাবের উদ্বোধন, বিনামূল্যে পরীক্ষা, ২৪ ঘন্টায় রিপোর্ট

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে কোভিট-১৯ শনাক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ ডেডিকেটেড ‘গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে’ করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এখানে বিনামূল্যে নমুনা পরীক্ষা করে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৭ জুন) পিসিআর ল্যাবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।

উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘করোনা নমুনা পরীক্ষার জন্য সরকারিভাবে সাড়ে তিন হাজার টাকা ফি ধার্য্য থাকলেও এখানে তা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। আর ২৪ ঘন্টার মধ্যেই দেয়া হবে নমুনা পরীক্ষার ফল’।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘করোনা সংক্রমনের প্রথম দিকে মানুষ যেভাবে লকডাউনে সাড়া দিয়েছিল কিন্তু পরবর্বীতে জীবিকার তাগিদে তারা আর তেমনভাবে লকডাউন মানেনি। ফলে গাজীপুরের সংক্রমন বেড়েছে। এখন অঞ্চলভিত্তিক লকডাউনের চিন্তা চলছে। এবার কেউ লকডাউন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আসাদ হোসেন বলেন, ‘এ ল্যাবে প্রতিদিন দুই শিফটে দুই’শ জন ব্যক্তি করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে পারবে এবং ২৪ ঘন্টার মধ্যে এ ল্যাবে পরীক্ষা করে ফলাফল জানিয়ে দেয়া হবে। এ পরীক্ষার জন্য কোন ফি দিতে হবে না’।

পিসিআর ল্যাব উদ্বোধনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, ডা. প্রণয় ভূষণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে গাজীপুরে পিসিআর ল্যাবের উদ্বোধনের দিন একদিনে সর্বোচ্চ ১৩৭ জনের কোভিড-১৯ শনাক্তের । এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের।

এক দিনে নতুন আক্রান্তের সংখ্যায় গাজীপুরে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই নিয়ে গাজীপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যাও ১ হাজার ৭০৪ জন।

রোববার (৭ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে।

এরআগে গত ২ জুন (মঙ্গলবার) কাশিমপুর তেতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য : গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল।

আরো জানতে……….

গাজীপুরে একদিনে সর্বোচ্চ ১৩৭ জনের কোভিড-১৯ শনাক্ত, মৃত্যু ১৫ জনের

গাজীপুরে কোভিট-১৯ শনাক্তে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ’পিসিআর’ ল্যাবের উদ্বোধন

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালকে ‘কোভিড-১৯ ডেডিকেটেড’ হাসপাতাল ঘোষণা