কাপাসিয়ায় জোরপূর্বক কিস্তি আদায়ের চেষ্টা, এনজিও কর্মকর্তাকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় ঋণ গ্রহীতাদের কাছ থেকে জোরপূর্বক ঋণের কিস্তির টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে সামাজিক সেবা সংগঠন (সেবা) নামে একটি এনজিও’র ব্যবস্থাপকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে দস্যূ নারায়নপুর অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা বলেন, ২৩ জুন এক সরকারি নির্দেশনায় বলা হয়েছে করোনাভাইরাস মহামারীর মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনজিওর সদস্য/গ্রাহককে ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধে জোর/বাধ্য করা যাবে না। তারপরও বৃহস্পতিবার সকালে উপজেলার দস্যূ নারায়নপুর গ্রামে সেবা’র ঋণগ্রহীতা হোসেন আলীর বাড়িতে গিয়ে তার কাছে ওই এনজিও’র কর্মীরা কিস্তি পরিশোধের জন্য চাপ দিচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে গিয়ে ওই এনজিও’র ব্যবস্থাপক নাজমুল হাসানকে ডেকে আনা হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ব্যবস্থাপককে এক হাজার টাকা জরিমানা করা হয়।