পূবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের নারায়ণকুল এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবুল কাসেম জনি (২৭) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জুন) সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবুল কাসেম জনি নারায়ণপুর এলাকার আবুল কালামের ছেলে। জনি কাঁচামালের ব্যবসায়ী ছিল।

নিহতের স্বজনরা বলেন, শুক্রবার ভোরে কে বা কারা জনির মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে বাড়ি ফেরেনি। সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণকুল উত্তর পাড়ার স্থানীয় রাস্তার মোড়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক ভুঁইয়া বলেন, ’নিহতের মাথার পেছেনে ও হাতের কুনইতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে’।