গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ১৫ জুন করোনা মোকাবেলায় বিভিন্ন নির্দেশনাসম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করলো সরকার। সেখানে বলা হলো, যে সমস্ত এলাকা রেড জোন হবে সেখানে সাধারণ ছুটি জারি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হলো, ১৫ জুন থেকে রাজধানীর রেড জোন ৪৫টি এলাকায় অফিস আদালত বন্ধ থাকবে। এরপর বলা হলো, এখনই নয়, বরং দু’এক দিনের এই এলাকাগুলোর ম্যাপিং দেওয়া হবে। তারপরই করা হবে লকডাউন। অর্থাৎ সে সব এলাকায় সবকিছু বন্ধ করে দেওয়া হবে।
এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এলো নতুন ঘোষণা। সেখানে বলা হলো, পুরো এলাকা লকডাউন হবে না। ছোট ছোট এলাকা চিহ্নিত করে সেগুলোতে লকডাউন করা হবে। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিনই বিভিন্ন দপ্তর ও দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর ম্যাপিং এর কাজ করছে। বেশি সংক্রমিত এলাকাগুলো চিহ্নিত হচ্ছে। এই কাজ শেষে হলেই খুব শিগগির লকডাউন করা হবে।
এরপর দৃশ্যপটে আসলো সিটি কর্পোরেশন। বলা হলো, সিটি কর্পোরেশন লকডাউন দেখভাল করবে। তারা এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর দুই সিটির মেয়র এখন প্রায় প্রতিদিনই এ বিষয়টি নিয়ে কথা বলছেন। তারা জানাচ্ছেন যে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমিত এলাকাগুলোর ম্যাপই তাদের হাতে আসে নি। ম্যাপ হাতে এলেই ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন হলো, সংক্রমিত এলাকাগুলোর ম্যাপ করতেই যদি স্বাস্থ্য অধিদপ্তরের কয়েক সপ্তাহ পেরিয়ে যায়, তাহলে তারা এতদিন করেছেটা কী? কোন এলাকায় কতজন আক্রান্ত সেগুলোর বিশদ তথ্য রাখা কি তাদের কাজ নয়? এখন নতুন করে সংক্রমিত এলাকার ম্যাপিংয়ের নামে কালক্ষেপন কেন? এই কালক্ষেপনের ফলে করোনার সংক্রমণ যে আরও ছড়িয়ে পড়ছে, বাড়ছে মৃত্যু- এসব কি তাদের বোধগম্য হচ্ছে না?
রেড জোন নিয়ে গত ২ সপ্তাহে আমরা শুধু একের পর কথার ফুলঝুড়িই শুনে যাচ্ছি। একের পর এক ঘোষণা আসছে। কিন্তু রেডজোন আর কিছুতেই রেডজোন হচ্ছে না। সরকার প্রজ্ঞাপন জারির পর ১১ দিন পেরিয়ে গেছে। অথচ ঘোষণা অনুযায়ী, ঢাকা শহরের এলাকাগুলো রেড জোন আর হয়নি। শুধুমাত্র এক টুকরো এলাকা আমাদের সামনে রেড জোনের কৌতুক হয়ে দেখা দিয়েছে। সেই এলাকাটি হলো পূর্ব রাজাবাজার। সেখানে পরীক্ষামূলকভাবে রেড জোন শুরু হয়েছিল। ১৪ দিনের প্রাথমিক সময়সীমা পেরিয়ে যাবার পর এর মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। কিন্তু সেখানে রেড জোন শুধু নামেই। প্রতিদিনই মানুষ সেখানে ঘর থেকে বের হচ্ছে, আবার ঘরে ঢুকছে। রেড জোনের কোনো চিহ্ন সেখানে নেই।
এর আগে, লকডাউনের নামে সাধারণ ছুটি একটা কৌতুকে পরিণত হতে দেখেছি আমরা। এখন রেড জোনও সেরকম আরেকটা কৌতুকে পরিণত হচ্ছে।
সূত্র: বাংলা ইনসাইডার