কোভিড-১৯ : হটস্পট খ্যাত গাজীপুরে শনাক্ত বেড়ে ৩,২৬৬ জন, মৃত্যু ৩৭ জনের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯-এর হটস্পট খ্যাত গাজীপুরে নতুন করে আরও ৭৭ জন শনাক্ত হয়েছে। এই বৃদ্ধির জেরে গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ২৬৬ জন।

কোভিড-১৯-শনাক্ত হয়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কোভিডে মোট মারা গেছেন ৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৬৫৭ জন’।

শুক্রবার (২৬ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এখনও সর্বাধিক। তবে কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায়ও কোভিড-১৯ শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ২২ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৭৭ জন, শ্রীপুরে উপজেলায় ৩৮০ জন, কালীগঞ্জে ২৮৭জন এবং কাপাসিয়ায় ২০০ জন।

গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৫১১ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৭৭ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে (মহানগর) ২১ জন, শ্রীপুরে ৩৬ জন, কালীগঞ্জে ১১ জন, কাপাসিয়ায় ৬ জন এবং কালিয়াকৈরে ৩ জন’।

সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ২২ হাজার ৫৭৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩ হাজার ২৬৬ জনের। কোভিড-১৯-এ এ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের’।

 

 

আরো জানতে…………..

বেড়েই চলেছে গাজীপুরে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা, আরও ১০২ জন শনাক্ত