গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় ব্যাটারি গলিয়ে সিসা তৈরির একটি কারখানায় অবৈধভাবে চিমনি বিহীন চুলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সময় উৎপন্ন ধোঁয়ার কারণে পরিবেশ দূষণের দায়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের মধ্যে কারখানা সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর এলাকায় ব্যাটারি গলিয়ে সিসা তৈরির ওই কারখানাটি পরিবেশ দূষণের দায়ে উচ্ছেদ করা হয়েছিল। পূণরায় এ কারখানা মালিক গাছ কেটে চিমনী বিহীন চুলায় কাঠ পুড়িয়ে ধোঁয়ায় মাধ্যেমে মারাত্মক পরিবেশ দূষণ করছিল। যা আশেপাশের জনসাধারণের জন্য হুমকি হয়ে উঠেছে। এমন অভিযগে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ অনুযায়ী কারখানার মালিক হেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়, এবং সাত দিনের ভিতরে কারখানাটি সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা বলেন, দণ্ডিত হেলাল উদ্দিন (৩০) শ্রীপুর উপজেলার বরমী এলাকার বাসিন্দা।
আরো জানতে……
কাপাসিয়ায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: মেশিন আগুনে পুড়িয়েছে ইউএনও