কালিয়াকৈরে স্ত্রীকে গলা কেটে খুন করে স্বামী পালাতক!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরে ঝর্ণা বেগম ফলি (২৮) নামে এক যুবতীকে গলা কেটে খুন করে পালিয়েছে তার স্বামী। 

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার মৌচাক মোল্লাবাড়ি এলাকা থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ঝর্ণা বেগম তার স্বামী জাহাঙ্গীর মিয়ার সঙ্গে মৌচাক মোল্লাবাড়ির হাজী সাইদুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। ঝর্ণা বেগম স্থানীয় কোকোলা ফুড প্রোডাক্টস লি‌মি‌টেড কারখানায় কাজ করতেন।

পলাতক জাহাঙ্গীর মিয়া টাঙ্গাইলের গোপালপুর থানার চানপুর এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতের কোনো একসময় ঝর্ণাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় তার স্বামী জাহাঙ্গীর মিয়া। সকালে পাশের বাড়ির লোকজন দরজা বন্ধ দেখে ডাকতে গিয়ে দেখে ঘরে ঝর্ণার মরদেহ পড়ে রয়েছে। কিন্তু স্বামী জাহাঙ্গীরকে পাওয়া যায়নি। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় ঝর্ণা বেগমকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যার পর তার স্বামী পালিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী পলাতক জাহাঙ্গীর মিয়াকে আটকের চেষ্টায় চলছে।