গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফেরার পথে কাপাসিয়ার আমরাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় রুমন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার চাঁদপুর গ্রামের রমজান আলীর ছেলে। সে গাজীপুরের জিরানী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতো।
কাপাসিয়া থানার এস আই জামাল মিয়া জানান, ঈদের ছুটি শেষে কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থল গাজীপুর যাচ্ছিলেন রুমন। পথে সকাল সাড়ে ৯টার দিকে আমরাইদ বাজার এলাকায় মোল্লা সিএনজি স্টেশন (পাম্প) থেকে গ্যাস নিয়ে একটি ট্রাক সড়কে ওঠার সময় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রুমনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এসআই জামাল মিয়া আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।