গাজীপুর কণ্ঠ ডেস্ক : সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে হামলার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নব্য জেএমবির সদস্যরা রাজধানীর পল্টন ও নওগাঁর সাপাহারে বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
এর আগে মঙ্গলবার ১১ আগস্ট সিলেটে বিশেষ অভিযান পরিচালনা করে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত নব্য জেএমবি’র ৫ সদস্যকে গ্রেফতার করে সিটিটিসি। অপারেশন এলিগ্যান্ট বাইট নামে অভিযান চালিয়ে সিলেটের মিরাবাজার, টুকের বাজার, দক্ষিণ সুরমার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)। এসময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ব্রিফিংয়ে সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তাররা নব্য জেএমবি’র সামরিক শাখার সদস্য। তারা কথিত আইএস এর দৃষ্টি আকর্ষণের জন্য ঈদুল আযহার আগে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা গ্রহণ করে। এর অংশ হিসেবে তারা ২৪ জুলাই পল্টনে পুলিশ চেকপোস্টের পাশে এবং গত ৩১ জুলাই নওগাঁ জেলার সাপাহার এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে বোমা হামলা করে।
মনিরুল ইসলাম আরও বলেন, নব্য জেএমবির এই দলটি গত ২৩ জুলাই হজরত শাহজালাল (রহ.) এর মাজারে হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশের কড়া নজরদারিতে তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে পল্টন চেকপোস্টের পাশে ও সাপাহারে হিন্দু মন্দিরে বোমা হামলা করে। নওগাঁয় বিস্ফোরিত হয় ছোট্ট একটি ককটেল।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, নব্য জেএমবি’র শুরা সদস্য শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের নেতৃত্বে তারা সিলেটের শাপলাবাগের একটি বাসায় কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছিল। গ্রেপ্তারদের মধ্যে শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান কফি শপে (বারিস্তা) কফি মেকার হিসেবে কাজ করে, ২০১৯ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স সম্পন্ন করে। সে ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য ছিল। সে সামরিক শাখার প্রধান প্রশিক্ষক এবং সামরিক প্রশিক্ষণের উদ্দেশ্যে সিলেটের শাপলাবাগের বাসাটি ভাড়া নেয়।
গ্রেপ্তার সানাউল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ছাত্র। রুবেল আহমেদ ২০১৬ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ব্লু বার্ড সিলেট শাখা থেকে এইচএসসি পরীক্ষা দেয়। সে সিলেটে টুকেরবাজারে সার, বীজ ও কিটনাশকের ব্যবসা করে। আব্দুর রহিম জুয়েল রেন্ট এ কারের ড্রাইভার হিসেবে কাজ করত। সে তার গাড়ি ব্যবহার করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। সায়েম মির্জা সিলেটের মদন মোহন কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত সাড়ে ৯ টায় পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে আইইডিতে ব্যবহৃত ইলেকট্রিক টেপ, জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, তারের অংশ বিশেষ, লোহার তৈরি বিয়ারিং ও বল, নাইন ভোল্ট ব্যাটারির অংশ বিশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা হয়।