পূবাইল থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার: জুয়েলারি দোকানের মালিকসহ ৬ ডাকাত গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ডাকাতির এক মাস পর লুণ্ঠিত স্বর্ণালঙ্কার সমেত জুয়েলারি দোকানের মালিকসহ আন্ত:জেলা ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে জিএমপি ও ডিএমপি পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুর ও নরসিংদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল, শেখ ফরিদ (৩৫), সাইফুল ইসলাম (৫২), নূরুল আমিন ওরফে নুরা (৩৫), আতিউর রহমান আপেল (৩৭), ইয়াহিয়া ওরফে ইয়াকুব (৪৮), রনি (২৮) ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের ক্রেতা দুলাল বর্মণ (৩৫)।

এর আগে গত ১৭ জুলাই পূবাইলের কুদাব এলাকার হোসাইন উদ্দিন পালোয়ানের বাড়িতে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ডাকাতদের ছুরিকাঘাতে হোসাইন উদ্দিন পালোয়ানের দুই ছেলে সজীব (৪০) ও রাকিব পালোয়ান (৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা তৎপর হয়ে উঠে।

জিএমপি’র পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া বলেন, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য জিএমপি ও ডিএমপি ডিবি যৌথ অভিযানে নামে। অবশেষে তথ্য প্রযুক্তির সহয়তায় করে গাজীপুর ও নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ৬ ডাকাতকে তারা গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৪৪৩৯) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতদের দেয়া তথ্যে নরসিংদী রায়পুরায় মা জুয়েলার্সে অভিযান চালিয়ে ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ জুয়েলারি দোকানের মালিক দুলাল বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ।

ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত অবশিষ্ট স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আরো জানতে….

পূবাইলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আহত ২ ব্যবসায়ী