গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের বহেরারচালা এলাকায় পুকুরের পানিতে ডুবে তাওহিদুল সাইফ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে নাজমুল হাসান (৭) নামে আরো এক শিশু।
শনিবার (২৯ আগস্ট) রাতে তাওহিদুল সাইদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত তাওহিদুল সাইদ স্থানীয় বহেরারচালা এলাকার তরিকুল ইসলাম দুলালের ছেলে। তিনি এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। নিখোঁজ শিশুটির বাবার নাম আব্দুল জলিল। তার পরিবার শ্রীপুরের আনসার রোড এলাকায় ভাড়ায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরে।
টঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার ফজলুল হক জানান, শনিবার বিকেল ৪টার দিকে তাওহিদুল ইসলাম সাইফ বাড়ির পাশে একাই একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। এদিকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছিল না। পরে ওই পুকুর পাড়ে তার জামা-কাপড় ও জুতা দেখতে পায় পরিবারের লোকজন। এরপর টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইফের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, তাওহিদুল ও নাজমুলসহ কয়েকজন বহেরারচালা এলাকার একটি পুকুরে গোসল করছিলো। এক পর্যায়ে তারা দুইজন নিখোঁজ হয়। এসময় খবর পেয়ে স্থানীয়রা তাদের সন্ধানে পুকুরে তল্লাশি চালায়। তাদের সন্ধান না পেয়ে এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে তাওহিদুলের লাশ উদ্ধার করেন। শিশু নাজমুলের খোঁজে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।