কালীগ‌ঞ্জে অ‌বৈধ ইটভাটায় অ‌ভিযান: ৬২ লাখ টাকা জ‌রিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৮টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ ওই ইটভাটা গুলোকে ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে ইট তৈরির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বা‌লীগাঁও এবং মূলগাঁও এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় মূলগাঁও এলাকায় ফারুক মিয়ার মা‌লিকানাধীন মেসার্স ফারুক ট্রেডাস (এমএসএম) নামে ৬টি অবৈধ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে গোনাপাড়া এলাকায় নিরঞ্জন ঘোষের মালিকানাধীন মেসার্স আরসিজি ব্রিকসকে ৬ লাখ টাকা এবং আমিনুল ইসলাম আরিফের মালিকানাধীন মেসার্স উমামা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটার আগুন নেভায় এবং ভেকু দিয়ে ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, কালীগঞ্জের ৮টি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

আরো জানতে……

কালীগ‌ঞ্জে অ‌বৈধ ইটভাটায় অ‌ভিযান: ১০ লাখ টাকা জ‌রিমানা, কার্যক্রম বন্ধের নি‌র্দেশ