গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের বাসুগাঁও এলাকা থেকে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাজীপুর র্যাব-১ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূবাইলের বাসুগাঁও এলাকার আবুল কাশেম সরকারের ছেলে রেজাউল করিম (৩০) ও ছমিরা বেগম (২১) নামে এক রোহিঙ্গা নারী।
র্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, পূবাইলের বাসুগাঁও এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে। এমন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রেজাউল করিম ও ছমিরা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ হাজার ৮৪৫ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ছমিরা বেগম সম্পর্কে রেজাউল করিমের শালিকা।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।