গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের ছয়টি সরকারি চিনিকলে আখমাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। আখের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কায় ক্ষোভে নিজের আখখেতে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন এক আখচাষি।
শনিবার (১৯ ডিসেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা শনিবার সকাল ৯টার দিকে মহিমাগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের সামনে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন। এতে করে অনেক যানবাহন আটকা পড়ে যায়। পরে দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেন তারা।
আর এই সংবাদ সম্মেলনকালে এক আখচাষি তার এক একর জমির আখে আগুন লাগিয়ে দেন। এই ক্ষুব্ধ কৃষকের নাম জিল্লুর রহমান। তিনি মিলস গেট সাব-জোনের গোপালপুর গ্রামের বাসিন্দা। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সোনাতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
আখচাষি জিল্লুর রহমান বলেন, রংপুর চিনিকলের চেয়ে ছোট জয়পুরহাট চিনিকলে আখ দিতে গেলে জমিতেই আখ শুকিয়ে যাবে। ছয় মাসেও আখ মাড়াই হবে না। ফলে ধানের আবাদও করা সম্ভব হবে না। তাই আখ পুড়িয়ে দিলে আগামী বোরো মৌসুমে ধানের আবাদ করা যাবে। সেই চিন্তা থেকে আখখেতে আগুন দিয়েছেন তিনি।
এদিকে ২৪ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে হরতাল, অবরোধ ও চিনিকলের আওতায় সব জমির আখ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয় ওই সংবাদ সম্মেলনে।
ওই সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি আদায়ে ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ২৪ ডিসেম্বর মহিমাগঞ্জ এলাকায় অর্ধদিবস হরতাল পালন করা হবে। এর মধ্যে দাবি মানা না হলে ২৫ ডিসেম্বর থেকে হরতাল, অবরোধ, গণ-অনশন ও চিনিকলের সব আখখেতে আগুন দেয়া হবে।
এ সময় মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, আখচাষি কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহসম্পাদক আবদুর রশিদ এবং ইক্ষু উন্নয়ন কর্মী সংসদের সম্পাদক শাহজাহান আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।