গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় পিকআপ ভ্যান চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধামরাই আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের কোতোয়ালি থানার শ্রীরামপুর এলাকার বাদশা মিয়ার স্ত্রী লিমা আক্তার (৩৬) ও ছেলে লিখন (৬)।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন জানান, কালিয়াকৈরের টেংলাবাড়ী এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বাসা ভাড়া করে থাকেন বাদশা। সেখান থেকে বাদশা নির্মাণ শ্রমিকের কাজ ও তার স্ত্রী লিমা স্থানীয় একটি কারখানায় চাকরি করে আসছিলেন। দুপুরে ডিটারজেন্ট পাউডার কিনতে লিমা ছেলে লিখনকে নিয়ে ভাড়া বাসার পাশের একটি দোকান যাচ্ছিলেন। এক পর্যায়ে ধামরাই আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।