গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের বাইমাইল এলাকার একটি পোশাক কারখানায় চাকুরির ইন্টারভিউ দিতে গিয়ে ‘তাকওয়া’ পরিবহনের বাসের ধাক্কায় দুই নারী পোশাক কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার বেড়া থানার বেতবাড়ীয়া এলাকার আতিকুর রহমানের স্ত্রী বকুল খাতুন (২০) ও বগুড়ার ধুনট থানার বিশাতদিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী করোনা খাতুন (১৯)।
জিএমপি’র কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সিদ্দিক গণমাধ্যমকে জানান, ‘বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন বকুল ও করোনা খাতুন। এ সময় কালিয়াকৈরগামী তাকওয়া পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত বকুল ও করোনা খাতুন বাইমাইল এলাকার ফাইজা নামে একটি পোশাক কারখানায় চাকুরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।’