গাজীপুর জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান: আন্তজেলা চোর চক্রের সাত সদস্য গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার এবং একটি প্রাইভেটকার ও দুইটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩১ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুরের আরব আহম্মেদ ওরফে বাদশা মিয়া (৪০), ময়মনসিংহের জসিম উদ্দিন (৩০), বরিশালের মো. জুয়েল রানা (৪০), নেত্রকোণার মো. রমজান আলী (৬০), কুড়িগ্রামের ফুলজার আলী ওরফে সাগর (৩৪) ও মাসুদ রানা (৩৫) এবং জামালপুরের মো. ছোবাহান খা (৩৫)।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নিতাই চন্দ্র সরকার জানান, চোর চক্রের সদস্যরা প্রাইভেটকারযোগে জেলার বিভিন্ন এলাকায় কৌশলে অবস্থান নেয়। পরে তারা সুযোগ বুঝে ওই এলাকার অটোরিকশা ভাড়া নেয় এবং অটোরিকশা নির্জন স্থানে গেলে বিশ্রাম নেয়ার কথা বলে তাদের সঙ্গে থাকা ফ্লাস্ক থেকে কৌশলে অটো চালককে চা পান করায়। একপর্যায়ে অটো চালক অচেতন হয়ে পড়লে অটো নিয়ে তারা পালিয়ে যায়। পরে তা গাজীপুর মহানগরের বাসন থানাধীণ কড্ডা-নান্দুন এলাকায় মাসুদ রানার গ্যারেজে কম দামে বিক্রি করে দেয়। গ্যারেজ মালিক মাসুদ ওই রিকশার যন্ত্রাংশ খুলে এবং অটো রিকশার রং পরিবর্তন করে বিভিন্ন জনের কাছে বেশিদামে বিক্রি করে।

নিতাই চন্দ্র সরকার আরো জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় এ চক্রটি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। পরে প্রথমে চারজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী জেলার বিভিন্ন স্থান থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি প্রভোক্স ব্যান্ডের প্রাইভেটকার ও দুইটি চোরাই রিকশা, চায়ের একটি বড় ফ্লাক্স ও কিছু নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।