মুম্বাইকে বিপক্ষে পাঞ্জাবের বড় জয়

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব কিংস। রোহিত শর্মাদের দেওয়া ১৩২ রানের মামুলি টার্গেট ১৪ বল হাতে রেখে ১ উইকেটে ১৩২ রান করে জয় তুলে নেয় লোকেশ রাহুলরা।

পাঞ্জাবের জয়ে বড় ভূমিকা রাখেন রাহুল। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে (২৫) হারালেও ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাহুল। পাঞ্জাব অধিনায়ক মাঠ ছাড়েন ৫২ বলে ৩ চার ও ৩ ছয়ে অপরাজিত ৬০ রানে। গেইল ৩৫ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৪৩ রান।

তার আগে ৬ উইকেটে মাত্র ১৩১ রান করে মুম্বাই। শুরুতে ওপেনার কুইন্টন ডি কককে (৩) হারানোর পর পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রোহিত ছাড়া আর কেউ তেমন দাঁড়াতে পারেননি। মুম্বাই অধিনায়ক-ওপেনার ৫২ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৬৩ রান। এ ছাড়া সূর্য কুমার যাদব করেন ৩৩ ও অপরাজিত থাকা কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে ১৬ রান।