বিশেষ প্রতিনিধি: ইয়াবাসহ কারাগারে প্রবেশের সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারারক্ষী পিন্টু মিয়াকে (২৮) গ্রেপ্তার হয়েছে। তার কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কাশিমপুর কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কারারক্ষী পিন্টু মিয়া ঢাকার ধামরাই থানার ঘারাইল এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কর্তব্যরত ছিলেন।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রিতেশ চাকমা সংবাদ মাধ্যমকে জানান, কারারক্ষী পিন্টু মিয়া বাহির থেকে কারাগারে প্রবেশ করছিল। এক পর্যায়ে আরপি গেইটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কারারক্ষী পিন্টু মিয়াকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক সংবাদ মাধ্যমকে জানান, কারারক্ষী পিন্টু মিয়াকে ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।