গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, এর ফলে আলোচনার জন্য ইরানের উপযুক্ত কোনো কর্মকর্তা খুঁজে পেতে ওয়াশিংটনকে হিমশিম খেতে হচ্ছে।
সোমবার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় রিপাবলিকান পার্টির এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন বুঝতে পারছি না, ইরানে কাদের সঙ্গে কাজ করছি। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চান না।”
প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র যাদের কথা ভেবেছিল, তাদের কেউই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না।
প্রায় আট মাস ধরে চলা যুদ্ধে ইরান তার বিমানবাহিনী হারিয়েছে এবং নৌবাহিনীর ১৫৯টি জাহাজের সবগুলোই খুইয়েছে বলে আবারও দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ এখন “সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে”।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এল, যখন কৌশলগত বৈশ্বিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের প্রতিরক্ষা বাহিনীর হামলা চলছে।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে হরমুজ প্রণালি এবং পারস্য ও ওমান উপসাগরে অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে।
সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, আলজাজিরা