কাপাসিয়ায় শিশুদের নিয়ে ঈদের শপিং-এ গিয়ে জরিমানা দিলেন ১২ মা-বাবা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা মহামারীর মধ্যে কাপাসিয়ায় শিশুদের সঙ্গে নিয়ে ঈদের শপিং-এ করতে যাওয়া ১২জন মা-বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা বলেন, ”বিকালে কাপাসিয়া বাজারে গিয়ে দেখা গেছে করোনা মহামারীকালে অনেক বাবা-মা তাদের দুধের বাচ্চা ছাড়াও কম বয়সী শিশুদের নিয়ে ঈদের কেনা-কাটা করছে। এই সময় শিশুদের মাস্কও পরানো হয়নি।”

”তাদের ১২ জনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলা দেওয়া হয় এবং পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।”

তিনি আরো বলেন, ”যেখানে সরকার করোনাভাইরাস মহামারীকালে সংক্রমণ রোধে শিশুসহ সকল শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, সেখানে স্বাস্থ্যবিধি না মেনে শিশুদের নিয়ে বাজারে যান তাদের বাবা-মা-অভিভাবকরা। তাদের সতর্ক করতেই এ জরিমানা করা হয়েছে।”