কালিয়াকৈর থেকে গরু-মহিষ বোঝাই ট্রাক লুটে নেয়ার ১২ ঘন্টার মধ্যে উদ্বার, গ্রেপ্তার ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের চন্দ্রা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে গরু বোঝাই ট্রাক লুটে নেয়ার ১২ ঘন্টার মধ্যেই লুণ্ঠিত গরু-মহিষ উদ্বার ও আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৫ মে) বেলা ১২ টার দিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহ তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে রাজশাহীর সিটি হাট থেকে ১৬টি গরু ও ২টি মহিষ কিনে ট্রাক যোগে মুন্সিগঞ্জে ফেরার পথে সোমবার ভোর রাত ৪টার দিকে কালিয়াকৈর চন্দ্রা এলাকা থেকে গরু বোঝাই ট্রাক লুটে নেয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা।

গ্রেপ্তাররা হলো, ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার আরব আলীর ছেলে আবুল কাশেম (৪৩) ও জামালপুর জেলা সদরের নান্দিনা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মনির হোসেন (২৫)। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বলেন, রাজশাহী সিটি হাট থেকে রিমন হোসেন নামের এক ব্যক্তি ১৬ গরু ও দুইটি মহিষ ট্রাকে করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথে একটি গরু অসুস্থ হয়ে পড়লে সোমবার ভোর রাত ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ফ্লাইওভার ব্রীজের পূর্বপার্শ্বে ট্রাকটি দাঁড় করান। সে সময় একটি মাইক্রোবাসে করে ৭/৮ জন ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে মাইক্রোবাসে তুলে রাজেন্দ্রপুর এলাকায় নিয়ে সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে দেয় এবং গরু-মহিষ বোঝাই ট্রাকটি ডাকাতদলের এক সদস্য চালিয়ে অজ্ঞাতস্থানে পালিয়ে যান।

পুলিশ সুপার আরো জানান, খবর পেয়ে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ১২ ঘন্টার মধ্যেই সোমবার সন্ধ্যার দিকে ডিএমপি’র তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার আবুল কাশেমের ডেইরি ফার্ম থেকে লুণ্ঠিত ১৫টি গরু ও ২টি মহিষ উদ্ধার এবং আবুল কাশেম ও মনির হোসেনকে গ্রেপ্তার করে। ছিনতাই হওয়া ১৬টি গরুর মধ্যে অসুস্থ গরুটি খামারে মৃত অবস্থায় পাওয়া যায়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আমির হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা ও উপপরিদর্শক (এসআই) জিহাদুল হক ওই অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় রিমন হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন, উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা ও উপপরিদর্শক (এসআই) জিহাদুল হক প্রমুখ।