কালীগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা, পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ 

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে বিধি বহির্ভূতভাবে বৈদ্যুতিক খুঁটির গোড়ার মাটি কেটে নেয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি বৈদ্যুতিক সংযোগ অন্তত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় মারাত্মক দুর্ঘটনাসহ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরুপে বন্ধ হওয়ার আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ। এ আশঙ্কা থেকেই জড়িত পাঁচ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে বিদ্যুৎ বিভাগ।

অনুসন্ধান পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ মে) রাতে কালীগঞ্জ জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) বেলাল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।

এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক মিজান।

অভিযুক্তরা হলো, জামালপুর গ্রামের আব্দুল সাদেক শেখের ছেলে নাজমুল হাসান শেখ (৩৫), ছানিছ মোড়লের ছেলে আলম মোড়ল (৪০), মৃত আবেদ আলী বেপারীর ছেলে আলাগীর বেপারী (৪৫), মৃত জালাল উদ্দিন মোড়লের ছেলে নয়ন মোড়ল (৪৮) এবং মৃত শাহজাহান মোড়লের ছেলে সাখাওয়াত মোড়ল (২৮)।

অভিযুক্ত নাজমুল হোসেন শেখ জামালপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এবং জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। অভিযুক্ত অন্যরাও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, ‘কালীগঞ্জ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরের নারগানা এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে ইটভাটা সংলগ্ন জমির উপর দিয়ে ৩৩ কেভি লাইন অনেক বছর আগে নির্মিত হয়েছে। সম্প্রতি অভিযুক্তরা ৩৩ কেভি লাইনে স্থাপিত বৈদ্যুতিক খুঁটির গোড়ার অতি কাছ থেকে বিধি বহির্ভূতভাবে প্রায় ৩০ ফুট গভীর করে মাটি কেটে গর্ত করেছে। এর ফলে বৈদ্যুতিক লাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখন বর্ষা মৌসুম চলমান। কাল বৈশাখী ঝড় অথবা অতি বৃষ্টির কারণে যে কোন সময় খুঁটির পাশের মাটি ধসে পড়ে মারাত্মক দুর্ঘটনা, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে।’

এজাহারে আরো বলা হয়েছে, ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ৩৩ কেভি লাইনটি নিরাপদ করার জন্য বৈদ্যুতিক খুঁটির গোড়া থেকে অপসারণকৃত মাটি পুনঃভরাট করার জন্য অভিযুক্তদের গত ১২ মে চিঠি দেয়া হয়েছিল।’

এজাহারে আরো উল্লেখ আছে, ‘গত ১৬ মে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ৩৩ কেভি বৈদ্যুতিক সংযোগটি নিরাপদ করার জন্য খুঁটির গোড়ার অপসারণকৃত মাটি পুনঃভরাট করার জন্য অভিযুক্তদের পূণরায় ৭ দিন সময় বেঁধে দেন। তৎপ্রেক্ষিতে অপসারণকৃত মাটি পুনঃভরাট কাজ খুব ধীর গতিতে চলতে থাকে। এভাবে চলতে থাকলে আসন্ন ঘূর্ণিঝড়ের “যশ” এর প্রভাবে ৩৩ কেভি লাইনটি মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তাই এজাহারটি থানায় নথিভুক্ত করে সরকারি সম্পত্তি রক্ষার্থে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয় এজাহারে।

এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী কামরুজ্জামান বলেন, বিধি বহির্ভূতভাবে বৈদ্যুতিক খুঁটির গোড়ার মাটি কেটে নেয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি বৈদ্যুতিক সংযোগ অন্তত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় মারাত্মক দুর্ঘটনাসহ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরুপে বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) বেলাল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক বলেন, জামালপুরের নারগানা এলাকায় ৩৩ কেভি লাইনে স্থাপিত বৈদ্যুতিক খুঁটির গোড়ার কাছ থেকে প্রায় ৩০ ফুট গভীর করে মাটি কেটে গর্ত করে রেখেছে অভিযুক্তরা। এর ফলে বৈদ্যুতিক লাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক মিজান বলেন, ‘বিদ্যুৎ বিভাগের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।’

 

আরো জানতে……

শীতলক্ষ্যার তীর কেটে ইটভাটায় মাটি বিক্রি: নীরব স্থানীয় প্রশাসন

কালীগঞ্জে বৃদ্ধাকে নির্যাতন: ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাজমুল গ্রেপ্তার